নেত্রকোণা

আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণার আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠাতে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ জানুয়ারি) নেত্রকোণার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসানের আদালত এ আদেশ দেন।

জানা যায়, মোহনগঞ্জ থানার মামলা নং ১৮(০৯)২০২৪ জি.আর ১৯৩(০২)২০২৪ নং মামলার ১৬ জন আসামি, মদন থানার ০৬(০৯)২৪ নং মামলার আসামি মাহবুব এবং কেন্দুয়া থানার ০৫(০৯)২৪ মামলার আসামি শাহ গোলাম মাহমুদ বাদল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে নির্দেশ দিয়েছেন। 

আসামিরা হলেন- মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শহিদ ইকবাল, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট  আব্দুল হান্নান, বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান বাবু দিলীপ দত্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পুলক মিয়া, নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের আহ্বায়ক বাদল মিয়া, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ চৌধুরী, ওলামালীগ নেতা সৈয়দ তপন, আওয়ামী লীগ নেতা সহিদুর রহমান, ছাত্রলীগ নেতা দবির উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন, রুহুল আমিন, ছুট্টু মিয়া ও মাজহারুল ইসলাম।

আসামি পক্ষের আইনজীবী মো. মোজাহিদ হোসেন বলেন, আসামিরা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। আসামিরা প্রত্যেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। মহামান্য হাইকোর্ট বিভাগে হাজির হয়ে ৫৮৫৫০/২০২৪ নং ক্রিমিনাল মিছ কেইস দাখিল করে জামিনের আবেদন করলে হাইকোর্ট বিভাগ গত ৩ ডিসেম্বর ৬ সপ্তাহের মধ্যে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামিরা নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে নির্দেশ দেন।