ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। যেহেতু বর্তমান অন্তবর্তীকালীন সরকারও নির্বাচিত সরকার নয়, তাই ষড়যন্ত্রকারীরা এখন এ সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর লালবাগ কিল্লার মোড়স্থ হাজী দেলোয়ার খেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশকে দোসরমুক্ত করতে ব্যর্থ হয়েছে, চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলার কারণে দেশবিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে। এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে।
মজনু বলেন, বিএনপি গণমানুষের দল। আজকে অনেকে বিএনপিকে নিয়ে হেয় প্রতিপন্ন করে কথা বলছেন। কিন্তু দেশবাসী বিএনপিকেও চিনে আর যারা কুৎসা রটাচ্ছে তাদের অতীত ইতিহাসও জানে।
তিনি বলেন, যাদের সঙ্গে জনগণের সম্পর্ক নেই তারাই নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। ভোটের মাধ্যমে তারা রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না জেনেই পরিস্থিতি ঘোলাটে করে অন্যপথে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছেন। কিন্তু অনেক সময় স্বপ্নও দুঃস্বপ্নে পরিণত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ২৪ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ফরিদ উদ্দিন রানা এবং সদস্য সচিব অ্যাডভোকেট শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন চেয়ারম্যান, ফরহাদ হোসেন নগর সদস্য সাঈদ হাসান মিন্টু, শফিউদ্দিন আহমেদ সেন্টুসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।