নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলায় একটি ব্যাটারি কারখানা ও দুইটি সীসা কারখানাকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোবারক হোসেন।
অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের বন্দর ধামগড় এলাকার ইয়াং ইয়েন ব্যাটারি ইন্ড্রাস্টিজ কোং লিমিটেডকে ২ লাখ টাকা, সোনারগাঁয়ের চেঙ্গাইন খালপাড় এলাকার মেম্বার সীসা কারখানাকে ১ লাখ টাকা, একই এলাকার খোরশেদ সীসা কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাওয়ান-উল-ইসলাম জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানাগুলো পর্যায়ক্রমে চিহ্নিত তরে তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।