যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী সংখ্যা সর্বকালের রেকর্ড উচ্চতায়

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশের ১৭,০০০ জনেরও বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রয়েছেন। ২০২৪ সালের ‘ওপেন ডোর্স রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’ -এর তথ্য অনুযায়ী, গত শিক্ষাবর্ষের  (২০২২-২০২৩)  তুলনায় বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ২৬% বৃদ্ধি পেয়েছে।

চমকপ্রদ এই বৃদ্ধি বাংলাদেশকে এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় ১৩তম স্থান থেকে ৮ম স্থানে নিয়ে এসেছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা ২৫০% বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে যেখানে এই সংখ্যা ছিল ৪,৮০২ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭,০৯৯ জনে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন প্রতি বছর এই ‘ওপেন ডোর্স রিপোর্ট’ প্রকাশ করে। এ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও প্রি-অ্যাকাডেমিক ইন্টেনসিভ ইংলিশ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির তথ্য তুলে ধরা হয়।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড ১১,২৬,৬৯০-জনে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৭% বেশি। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা ৮% বেড়ে ৫,০২,২৯১ জনে পৌঁছেছে, আর স্নাতকোত্তর পর্যায়ের ব্যবহারিক কাজের অভিজ্ঞতার প্রোগ্রামে অংশগ্রহণ ২২% বৃদ্ধি পেয়েছে। কমিউনিটি কলেজগুলোতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, যেখানে ভর্তির সংখ্যা ১৩% বেড়ে ৫৯,৩১৫ জনে পৌঁছেছে—গত ২৫ বছরের মধ্যে যা সবচেয়ে দ্রুত বৃদ্ধির ঘটনা।