রংপুরকে সপ্তম জয় 'উপহার' খুলনার

খুব কাছে গিয়েও রংপুরের জয়রথ থামাতে পারেনি খুলনা টাইগার্স। ১৮৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে খুলনা থেমেছে ১৭৮ রানে। রংপুর জয় পেয়েছে ৮ রানে। বিপিএলের এই আসরে সিলেট পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের ব্যাটিংয়ে ঝড় তুললেন খুশদিল শাহ। পাকিস্তানি এই ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুর খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। খুশদিল ৩৫ বলে ৭৩ রান করে দলের ইনিংসকে ভিত্তি দিয়েছেন, যেখানে ৬ ছক্কা ও ৪টি বাউন্ডারি ছিল তার ব্যাট থেকে।

টুর্নামেন্টের প্রথম ৬ ম্যাচে জয়ী রংপুরের এই ম্যাচেও শুরুটা ভালো হয়নি। খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে তারা দলীয় ১৯ রানে ওপেনার স্টিভেন টেলরকে হারায়। পাওয়ারপ্লেতে মাত্র ৩৯ রান পায় রংপুর। তবে, তৌফিক খান ৩০ বলে ৩৬ রান করে আউট হলে, খুশদিল শাহর মারকাটারি ব্যাটিংয়ে রংপুর ম্যাচে ফিরে আসে।

নাসুম আহমেদের এক ওভারে চার ছক্কা মেরে ২৬ রান করেন খুশদিল, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর তিনি ৩৫ বলে ৭৩ রান করে দিনের সেরা হয়ে ওঠেন। শেষ দিকে ইফতিখার ৩৬ বলে ৪৩ রান করলেও, রংপুর তাদের ইনিংস ১৮৬ রানে নিয়ে থামে। খুলনার বোলারদের মধ্যে আবু হায়দার এবং হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন।

খুলনা টাইগার্সের পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে। মোহাম্মদ নাঈম ৪১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৮ রান করে আউট হন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২৪ বলে ৩৯ রান করে ফিরেন।