যশোরের অভয়নগরে চেংগুটিয়া বাজারের দুই সার ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেছেন। আদালত পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আব্দুল্লা আল ফারুক।
অভয়নগর থানার এসআই আশিকুর রহমান জানান, সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন অভয়নগর উপজেলার চেংগুটিয়া বাজারের মেসার্স মোসলেম এন্টারপ্রাইজ ও নিউ মোল্লা এন্টারপ্রাইজের দোকান ও গোডাউনে বিভিন্ন প্রকার সার সংকট সৃষ্টির লক্ষ্যে মজুদ করা রয়েছে। এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন থানার পুলিশসহ পৌনে ২ ঘণ্টা অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মেসার্স মোসলেম এন্টারপ্রাইজে ডি এ পি ৬৬ বস্তা, এম ও পি ২৫২ বস্তা, টি এস পি ৮৩ বস্তা ও ইউরিয়া সার ২০ বস্তা, এবং নিউ মোল্লা এন্টারপ্রাইজের গুদামে ইউরিয়া সার ৮০ বস্তা, টি এসপি ৬৫ বস্তা, ডি এ পি ৫৩ বস্তা ও এম ও পি ৫২ বস্তা সার অবৈধভাবে সংরক্ষণের অভিযোগে জব্দ করা হয়।
এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসলেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোসলেম সরদারকে ১ লাখ টাকা ও নিউ মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ১লাখ টাকা জরিমানা ও আদায় করেন। এছাড়া গুদাম দুটি সিলগালা করা হয়।