বাড়ি ফেরার পথে ট্রলির চাকায় পিষ্ট দুই কিশোর

রাজশাহীর বাঘায় আখ বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে বাঘা উপজেলার সাজের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (১৭)।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। পথে তাদের মোটরসাইকেল সাজের বটতলায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এ সময় পেছনে থাকা আখ বোঝায় একটি ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন।

পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরই সেই আখ বোঝায় ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়।