টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। তার দলের পারফর্মেন্স খুবই খারাপ। সেইসঙ্গে গার্দিওলার ব্যক্তিগত জীবনেও ঝড় উঠল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, গার্দিওলার সঙ্গে ৩০ বছরের সম্পর্ক ও ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তার স্ত্রী ক্রিস্টিনা সেরা।
২০১৪ সালে গার্দিওলা এবং ক্রিস্টিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অবশ্য ১৯৯৪ সাল থেকেই তারা যৌথ জীবন যাপন করতেন। তাদের তিনটি সন্তান আছে। সবার বড় মারিয়ার বয়স ২৪, ছেলে মারিয়াসের ২২ এবং সবার ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭। বিয়ের ১০ বছরের মাথায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য গত পাঁচ বছর ধরে পারিবারিক ব্যবসা দেখাশোনার জন্য দুজনে আলাদা দেশে থাকতেন।
ক্রিস্টিনা বার্সেলোনায় এবং গার্দিওলা ম্যানচেস্টারে থাকলেও দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। স্ত্রীকে তিনি নিয়মিত সময়ও দিতেন। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা টিকল না। গত ডিসেম্বরেই নাকি তারা আলাদা হয়ে গেছেন। দুজনের ঘনিষ্টজনেরাই বিষয়টা শুধু জানতেন। অথচ গত বছরের জানুয়ারিতে সিটি কোচ স্ত্রীর প্রশংসায় বলেছিলেন, ‘অনেক বিষয়ে আমার স্ত্রী সেরা। বিশেষ করে ফ্যাশনে। আমি তার পরামর্শ মেনে চলি।’