দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার একর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। এরই মধ্যে সেখানে ঝড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেখানে দমকা হাওয়ার গতি আরও বাড়তে পারে। এর ফলে দাবানলের ভয়ংকর আগুন আরও ছড়িয়ে পড়ার শংকা দেখা দিয়েছে। খবর বিবিসি।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে, সান্তা আনা বাতাস মঙ্গলবার ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিবেগে প্রবাহিত হতে পারে। তবে বুধবারের পর বাতাস কমার সম্ভাবনা রয়েছে, যা অগ্নিনির্বাপণ কাজে সহায়ক হতে পারে।
শহরটিতে এখনো তিনটি বড় অগ্নিকাণ্ড চলছে। এর মধ্যে সবচেয়ে বড় পালিসেডস দাবানলে ২৩ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত এর মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এছাড়া ইটনে বড় দাবানলটি ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে। এটি এ পর্যন্ত ১৪ হাজার একর জমি ভস্মীভূত করেছে বলে জানা গেছে। আরেকটি হার্স্ট ফায়ার প্রায় ৯৭ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে যেটি ৭৯৯ একর জুড়ে বিস্তৃত ছিল।
দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, পলিসাডেসের পশ্চিমে পাঁচ একর জায়গা জুড়ে এখনো অনেক ছোট ছোট দাবানল রয়েছে যেগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এদিকে ভয়াবহ এই দাবানলের মধ্যেই লুটপাট চলছে লস অ্যাঞ্জেলেসে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে নয়জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান এক সংবাদ সম্মেলনে লুটপাটের ভিডিও দেখিয়ে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে।
ক্যালিফোর্নিয়ার ‘থ্রি স্ট্রাইকস’ আইন অনুযায়ী, তৃতীয়বার অপরাধ করে দোষী সাব্যস্ত হলে ২৫ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড হতে পারে।