বিপিএলে হচ্ছেটা কী? বিদেশি নামীদামী তারকা তো নেই-ই, বরং এবারের বিপিএলে এমন সব বিদেশি ক্রিকেটার দেখা যাচ্ছে, যারা রীতিমতো আনাড়ি। এমন অনেকে আছে যারা গত কয়েক বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেন না। বিশ্বের মানহীন কোনো লিগেও তারা দল পান না। তারই ধারাবাহিকতায় এবার এলেন মিগুয়েল কামিন্স।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই মিডিয়াম পেসার জাতীয় দলের হয়ে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলেছেন। টেস্টে ২৭ আর ওয়ানডেতে শিকার করেছেন ৯ উইকেট। ৩৪ বছর বয়সী মিগুয়েল কামিন্স সর্বশেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন সেই ২০২২ সালে। টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে তিনি ভাইটালিটি ব্লাস্ট আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন, কিন্তু কোথাও সুবিধা করতে পারেননি।
ভাইটালিটি ব্লাস্টে ৩ ম্যাচে ৫ উইকেট আর সিপিএলে ৮ ম্যাচে ১ উইকেট নেওয়ার অভিজ্ঞতাকে পুঁজি করে মিগুয়েলের গন্তব্য এবার বাংলাদেশ। বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। যদিও তার দলের অবস্থা সুবিধার নয়। এখন পর্যন্ত ৬ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট অর্জন করেছে এনামুল হক বিজয়ের নড়বড়ে দল দুর্বার রাজশাহী। একমাত্র তাসকিন আহমেদ বাদে বলার মতো কোনো বোলারই নেই দলটির!