কারেন্ট জালের নেট সাইজ নির্ধারণ করা হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কারেন্ট জাল দামে সস্তা, হালকা হওয়ায় পরিবহনে সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর। নেট সাইজ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ। এর আগে মৎস্য উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করেন।