সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত দুজন ডিসিসহ চার কর্মকর্তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছে। একইসঙ্গে সিএমপি থেকে দুই এডিসিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) পৃথক তিনটি প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এই আদেশ জারি করেন।
জানা গেছে, সিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি পেয়ে আসছেন ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার জিএম মনজুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, খুলনার পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস। তাদের সঙ্গে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম সিএমপিতে এডিসি (অতিরিক্ত পুলিশ কমিশনার) হিসেবে যোগ দেবেন।
আরেক প্রজ্ঞাপনে সিএমপির এডিসি গাজী রবিউল ইসলাম ও পংকজ দত্তকে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এই দুজনও সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।