আইনের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে: বুশরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি আদালতে শুনানির সময় বলেছেন— ‘আইনের প্রতি আমার বিশ্বাস হারিয়ে গেছে’।

মঙ্গলবার রেঞ্জার্স দুর্ঘটনা মামলার শুনানির জন্য ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) হাজির হন বুশরা বিবি। এ সময় তিনি এই মন্তব্য করেন। গত ২৬ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের সময় শ্রীনগর হাইওয়েতে রেঞ্জার্সের চারজন কর্মী নিহত হওয়ার ঘটনায় এই মামলা দায়ের করা হয়। 

শুনানি চলাকালে বিচারক তাহির আব্বাস সুপ্রা দু'বার আসামিপক্ষের আইনজীবীর আচরণে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বিচারক সুপ্রা ও বুশরা বিবির মধ্যে কথোপকথন হয়। আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, ‘কিছু সময় লেগেছে, তবে আইনি প্রটোকল অনুসরণ করা হয়েছে’।

এ সময় বুশরা বলেন, ‘এটি কোনও সমস্যা নয়, তবে আমরা আদালতের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি’।

দ্বিমত পোষণ করে বিচারক সুপ্রা আশ্বাস দিয়ে বলেন, ‘সর্বত্র এটি এমন নয়। ত্রুটি থাকা সত্ত্বেও বিচার ব্যবস্থা তার নিজস্ব গতিতে কাজ করছে। যদি এটি ভেঙে যায়, তাহলে সমাজ নিজেই অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি অন্যান্য শুনানিতেও আমার সামনে হাজির হয়েছেন’।