ফেনীর সোনাগাজীতে আব্দুল মমিন রানা নামে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোররাতে পৌরসভার তুলাতুলি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের বৈদ্য বাড়ির নুর ইসলাম ভুলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের আলমিরা থেকে একাধিক রং মিশ্রিত ৩০টি আতশবাজী,২০০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল, চাপাতি উদ্ধার করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। যার একটিতে আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে।
এদিকে গ্রেপ্তার আব্দুল মমিন রানার পরিবার বলেন, বাড়ির একাধিক প্রতিবেশীর সাথে আমাদের ভূমি বিরোধ রয়েছে। তারা রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিয়েছে।