মানিকগঞ্জের সিংগাইরে বাদল হোসাইন (৩৮) নামে এক সাংবাদিকের ওপর হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘাসেরটেক ইটসলিং রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাদল হোসাইন মাইটিভি ও দৈনিক কালবেলা পত্রিকার সিংগাইর প্রতিনিধি এবং বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ। তিনি উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত শাহজাহান মৃধার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাংবাদিক বাদল হোসাইন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যান জাহিনুর রহমান ও অজ্ঞাত ১০-১২ জন অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাদলের গাড়ি ভাঙচুর করে এবং ক্যামেরা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ বলেন, সাংবাদিক বাদল হোসাইনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছে।
সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।