বিএনপি ক্ষমতার বাইরে কিছু দেখছে কিনা প্রশ্ন সারজিসের

বিএনপি ক্ষমতার বাইরে কিছু দেখতে পাচ্ছে কিনা এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এত বড় একটি ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানের এখনো এক বছর পার হয়নি। সেখানে যদি এটি বলা হয়— ২৫ এর মাঝামাঝিতে অর্থাৎ এক বছরের পূর্বেই নির্বাচন চায়; তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা।

নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের জবাবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সারজিস এসব কথা বলেন।

এর আগে এদিন সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সারজিস আলম বলেন,  যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা তারা ২০২৯-৩০ সালের দিকে করতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল আশা ছেড়ে দিয়েছিল, এমনকি বিএনপিও তাদের জায়গা থেকে আশা ছেড়ে দিয়েছিল যে, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা। ২০২৯-৩০ সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা।

তিনি বলেন, তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল। যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা, যার বিনিময়ে বিএনপি-জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে। কিন্তু যখন তারা ২৫ এর মাঝামাঝি এক বছরের কম সময়ে নির্বাচনের কথা বলে আমাদেরকে এটি অনেক ব্যথিত করে।

নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, আমরা মনে করি তারা তাদের জায়গা থেকে রাজনীতিতে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ। আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করব, তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করবেন। এটা কোন সাধারণ বিষয় না।