কালীগঞ্জে বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলে নিজেদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শন করে শিক্ষার্থীরা।

এর আগে খুদেবিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্পগুলো অন্য কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করে এর ভূয়সী প্রশংসা করেন ইউএনও তনিমা আফ্রাদ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিজিত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার। পুরস্কার তুলে দেন ইউএনও তনিমা আফ্রাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে জান্নাত, উপজেলা শিক্ষা অফিসার নুরুন্নাহার প্রমুখ।