ইসি সচিব বললেন

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেম দিয়েছেন সেভাবে আমরা কাজ করছি। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কারিগরি সহায়তার বিষয়ে বৈঠক করেন তারা।

বিএনপি দ্রুত নির্বাচনের দাবির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এ বিষয়টা আমার জানা নেই। এটা আমার আওতার মধ্যে পড়ে না।

ইউএনডিপির প্রতিনিধিদের কাছে কী ধরনের প্রস্তাব করেছেন? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা ডেলিগেশনকে কিছু প্রযুক্তিগত সহায়তা প্রদানের প্রস্তাবনা দিয়েছি, এগুলো সবই সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা ক্যাম্পেইনের সঙ্গে সম্পর্কিত। ‘তারা এই বিষয়টা পর্যালোচনার জন্য এসেছিলেন। আমাদের সঙ্গে কথা বললেন, এখন অংশীজনের সঙ্গে কথা বলে আবার ১০ দিনের ভেতর একটা প্রস্তাবনা নিয়ে আবার আসবেন। মূলত আজকে কাজের পরিধি ঠিক করে নেওয়ার বৈঠক ছিল। ১০ দিনের মাথায় আবার বসব।