বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশন (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তবে এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক।
গত কোরবানিতে ১২ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এ নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয়, তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপর আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য।