মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই সালিম হোসেন নামের আরও যুবক।

আজ বুধবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত সালিম একই গ্রামে শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলে নাঈম মহেশপুরে যাচ্ছিলে। তার সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই সালিম। তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাঈম ও সালিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা নাজনীন শাম্মি বলেন, ‘গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে নাঈম হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আর আহত সালিমের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।