গাড়ি তল্লাশি করায় হামলা, আহত ৫ পুলিশ

চট্টগ্রামে তল্লাশির জেরে পাঁচ পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মোহরা চেকপোস্টে তাদের বহন করা অটোরিকশা তল্লাশিকালে উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায় তারা।

গ্রেপ্তাররা হলেন- পটিয়া থানার চরকানাই গ্রামের মনছুর আহমদের ছেলে মো. মোরশেদ (৩১) এবং বোয়ালখালী উপজেলার ডলিপাড়া গ্রামের জব্বার সওদাগরের বাড়ির মো. করিম (৩৮)।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত নাথ, আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ।

পুলিশ জানায়, মোহরা ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দেয় পুলিশ। ওই সিএনজিতে ছিলেন এক নারী ও দুজন পুরুষ যাত্রী। তল্লাশিকালে উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালান মোরশেদ ও করিম নামের দুই যাত্রী।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘পুলিশ যখন চেক করছে তখন আমি দোকানে ছিলাম। হঠাৎ আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি গাড়ি তল্লাশি করার কারণে পুলিশকে গালাগাল করছেন দুই যাত্রী। একপর্যায়ে তারা পুলিশ সদস্যের গায়ে হাত তোলেন।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সিএনজি তল্লাশিকালে দুই যাত্রী আক্রমণ করে পাঁচ পুলিশ সদস্যকে জখম করেছে। ঘটনাস্থল থেকে হামলাকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।