'আমি কি সার্ভবট', ক্যামেরায় লিখলেন আলকারাজ

ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে বিভোর কার্লোস আলকারাজের দক্ষতার তালিকায় ত্রুটি খুব কমই আছে। তবে, একটি বিষয়ে তাকে দুর্বল মনে করা হতো, সেটি হলো তার সার্ভ।  

২১ বছর বয়সী এই স্প্যানিশ তারকা ও তার কোচ হুয়ান কার্লোস ফেরেরো নতুন মৌসুমের আগে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে মনোযোগ দিয়েছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনে আলকারাজ এরইমধ্যে সেই প্রচেষ্টার সুফল পাচ্ছেন।  

বুধবার দ্বিতীয় রাউন্ডে জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৬-০, ৬-১, ৬-৪ সেটে হারানোর ম্যাচে কার্লোস আলকারাজ ১৪টি অ্যাস সার্ভ করেন। ম্যাচ শেষে কোর্টের ক্যামেরা লেন্সে মজার ছলে তিনি লেখেন, 'Am I a servebot?'

যদিও কথাটা মজা করে লিখেছেন, তবে এতে বোঝা যায় সার্ভ নিয়ে তার আত্মবিশ্বাস। আলকারাজ কখনো জন ইসনার বা রাইলি ওপেলকার মতো 'সার্ভবট' হবেন না, তবে নিজের সার্ভে আস্থা বাড়াতে তিনি স্পষ্টতই সফল হয়েছেন।  

নিশিওকার বিপক্ষে একপেশে জয়ে আলকারাজ তার প্রথম সার্ভ পয়েন্টের ৮৯% এবং দ্বিতীয় সার্ভ পয়েন্টের ৭১% জিতেছেন। ম্যাচের আগের দিন তিনি সার্ভ নিয়ে আলাদাভাবে অনুশীলন করেছিলেন। তিনি, 'আজ আমার সার্ভ নিয়ে আমি সত্যিই ভালো অনুভব করেছি' বলেন আলকারাজ। 'আমি হুয়ান কার্লোসের সঙ্গে কথা বলেছিলাম কীভাবে উন্নতি করা যায়। আজ আমার ছন্দটা ছিল অনেক মসৃণ।'  

আলকারাজের সার্ভের গতি ও নির্ভুলতায়ও উন্নতি এসেছে। ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম সার্ভের গড় গতি ছিল ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এবার তা বেড়ে হয়েছে ১৯৭ কিলোমিটার। তিনি বলেন, “আমরা পরিসংখ্যান দেখি, তবে সবকিছু সংখ্যার উপর নির্ভর করে না। আমি বলটা সঠিকভাবে হিট করছি কিনা, সেটাই আসল।”  

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোতে থাকা আলকারাজ জানেন, ম্যাচের প্রতিটি ছোট উন্নতি তাকে বড় মঞ্চে সাফল্য এনে দেবে। সার্ভে এই উন্নতিটা তার জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে।