রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টারে সংযোজিত সর্বাধুনিক ‘পেট সিটি স্ক্যান ও গামা ক্যামেরা’ সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এ.এন.এম তাজুল ইসলাম। কীনোট স্পীকার হিসেবে আালোচনা উপস্থাপন করেন ইবনে সিনা ক্যান্সার সেন্টারের চীফ কনসালটেন্ট এন্ড ইনচার্জ নিউক্লিয়ার মেডিসিন অধ্যাপক ডা: মোল্লা আব্দুল ওয়াহাব, অধ্যাপক ডা: জেসমিন আরা হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিরেক্টর, নিউক্লিয়ার মেডিসিন এলাইড সায়েন্স (ইনমাস) প্রফেসর ডা: জিনাত জেবিন ও ইবনে সিনা ক্যান্সার সেন্টারের চীফ মেডিকেল ফিজিসিস্ট ড. নূরুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ডা: মোল্লা আব্দুল ওয়াহাব বলেন, সম্প্রতি ইবনে সিনায় সর্বাধুনিক প্রযুক্তির ‘পেট সিটি স্ক্যান’ চালু হয়েছে। যা ক্যান্সার ও ম্যালিগন্যান্সি সনাক্তকরণ, রেডিওথেরাপি চিকিৎসার পরিকল্পনা গ্রহণ, হার্ট ও মস্তিষ্কের ফাংশন পর্যবেক্ষণ ছাড়াও শরীরের যেকোনো অংশের কলা ও কোষের অসুস্থতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে ক্যান্সার রোগীরা যেমন উপকৃত হবেন তেমনি চিকিৎসকরাও ক্যান্সার রোগীদের চিকিৎসা ও ডোজ নির্ণয়ে বিশেষ সহায়তা পাবেন।
অধ্যাপক ডা: জেসমিন আরা হক ইবনে সিনায় সংযোজিত গামা ক্যামেরার স্পেশালিটি তুলে ধরেন এবং বোন স্ক্যান, থাইরয়েড স্ক্যান ও রেনাল স্ক্যানসহ অন্যান্য সিনথিওগ্রাফি বিষয়ক আলোচনা উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে এ.এন.এম তাজুল ইসলাম বলেন- প্রতিষ্ঠালগ্ন থেকেই রোগী ও চিকিৎসকদের ক্রমবর্ধমান চাহিদার আলোকে ইবনে সিনা তুলনামূলক কমখরচে দেশবরেণ্য চিকিৎসক, সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও দক্ষ জনশক্তির সমন্বয়ে নতুন নতুন সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ধানমন্ডির সাতমসজিদ রোডে ইবনে সিনা ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টার প্রতিষ্ঠান করা হয়েছে। এটি একটি বিশেষায়িত সেন্টার। যেখানে ইতোমধ্যেই সর্বাধুনিক প্রযুক্তির পেট সিটি স্ক্যান ও গামা ক্যামেরা সংযোজিত হয়েছে। যা অতিশীঘ্রই ক্যান্সার শনাক্তকরণের সবধরনের পরীক্ষা-নিরীক্ষা ও কনসালটেশন সুবিধাসহ ওয়ানস্টপ ক্যান্সার ডায়াগনোস্টিক সেবাকেন্দ্রে পরিণত হবে।
অনুষ্ঠানে ঢাকার খ্যাতনামা শতাধিক চিকিৎসকসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা ডি.ল্যাব ধানমন্ডির সিনিয়র এজিএম এন্ড এডমিন ইনচার্জ মো. শফিকুর রহমান, ইবনে সিনা ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টারের এজিএম এন্ড এডমিন ইনচার্জ মো: কামরুল ইসলাম, ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম এন্ড ডায়াগনোস্টিক উইং ইনচার্জ গাজী মো: তরিকুল ইসলাম, কর্পোরেট উইং ইনচার্জ মো: হাদিউল করিম খান প্রমুখ।