ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার করে’ তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
এ বিষয়ে আক্তার হোসেন জানান, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারী জমি আত্মসাৎ ও মানিলন্ডারিংসহ দেশে-বিদেশে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এ ছাড়া সায়মা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
আক্তার হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সায়মা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন। তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও সদস্য করা হয় তাকে।
পরে ২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন।