ময়মনসিংহ

বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) আনুমানিক বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি উপজেলার সোহাগি রেলস্টেশন পার হতেই পাথর নিক্ষেপের কবলে পড়ে। এতে ট্রেনের 'থ' বগীর একটি গ্লাস ভেঙে যাত্রীদের শরীরে ছিটকে পড়ে। কিন্তু এতে যাত্রীদের কেউ আহত হননি। তবে পাথর নিক্ষেপের বিষয়টি ট্রেনের এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

ট্রেনের যাত্রী বলেন,'সোহাগীর মানুষদের কাছ থেকে এটা আশা করিনি। বিজয় এক্সপ্রেস ট্রেন সোহাগী অতিক্রম করার সময় 'থ' বগীতে পাথর নিক্ষেপ করলে জানালার গ্লাস ভেঙে যায়। অল্পের জন্য যাত্রীরা আহত হননি। 

কখন-কারা বিজয় এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করলো এ নিয়ে সোহাগি রেলস্টেশনের আশেপাশের লোকদের কাছে জানতে চাইলে কেউ সঠিক উত্তর দিতে পারেননি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন,'ট্রেনে পাথর নিক্ষেপ হয়েছে এই খবর আপনার কাছ থেকেই আমি প্রথম শুনলাম। যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি খুবই দুঃখজনক ঘটনা।