সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার ওপর হামলা ন্যাক্কারজনক: ছাত্রদল

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার দাবিতে এনসিটিবি কার্যালয় ঘেরাও নিয়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়। বিবৃতিতে সই করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এতে বলা হয়, ‘এনসিটিবি ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসী ভয়াবহ হামলা করেছে। এই সন্ত্রাসী হামলায় নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অসংখ্য সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন।’

‘স্বাধীন বাংলাদেশে যেকোনো ব্যক্তি বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে। বিশেষ করে বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মত প্রকাশ ও সভা সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ণ করে এ ধরনের হামলা খুবই উদ্বেগজনক।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশে এ ধরনের ন্যাক্কারজনক হামলা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা ও তাদের স্বপ্নের মুক্ত বাংলাদেশের ওপর আঘাতের শামিল। এ ধরনের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।’