একশত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নাটকটি। ১৬ জানুয়ারি প্রচারিত হবে এর ১০০তম পর্ব। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীন প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, মোর্শেদ মাহমুদ তার স্ত্রী, সন্তানদের চাপে গ্রামের সম্পত্তি বিক্রি করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনে স্থায়ীভাবে চলে এসেছেন। তাদের মতে, গ্রামে আধুনিক ও উন্নত জীবনযাপনের সুবিধা পাচ্ছে না তারা। সন্তানদের যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে ওঠার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন মোর্শেদ সাহেবের স্ত্রী রেনু। প্রথম দিন থেকেই পাশের ফ্ল্যাটের মুনিয়া ভাবী তাদের বাসায় আসা শুরু করেন। সব বিষয়ে তাদের পরামর্শ দেন, আগ বাড়িয়ে সাহায্য করেন। সারা দিন তার এই আসা-যাওয়া একসময় রেণুর ভেতরে সন্দেহ তৈরি করে। মুনিয়ার স্বামী বিদেশে থাকে। মোর্শেদের সঙ্গে তার কোনো সম্পর্ক তৈরি হচ্ছে বলে রেণুর ধারণা। এ নিয়ে শুরু হয় সংসারে অশান্তি।