আ.লীগ নেতাকে হাতুড়িপেটা অভিযোগ যুবদলের বিরুদ্ধে

কুষ্টিয়ার কুমারখালীতে এক আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট ও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা পুরনো বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আব্দুল লতিফ লাইফা (৬১)। তিনি যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবং চর এতমামপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বুধবার আব্দুল লতিফ বলেন, যদুবয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামিম হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বর আনিসুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর রিপন আলীসহ ১৫-২০ জন লাঠিসোঁটা ও হাতুড় নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মাথায় কয়েক স্থান এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। আব্দুল লতিফ বলেন, আবারও হামলার ভয়ে হাসপাতালে যাননি। থানায়ও লিখিত অভিযোগ করেননি। তবে হামলা ও মারপিটের অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়ন যবদলের দলের আহ্বায়ক শামিম হোসেন বলেন, ৫০-৬০টি মোটরসাইকেল বহর ছিল মঙ্গলবার রাতে। বহর নিয়ে এনায়েত বাজারে পৌঁছে শুনলাম মারামারি হয়েছে। কে বা কাহারা করেছে তা জানি না।

যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বর আনিসুর রহমান বলেন, ঘটনাস্থলে ছিলাম না। কারা মারামারি করেছে তা জানি না।

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর রিপন আলী বলেন, বাজারে গিয়ে দেখি স্থানীয় লোকজন একজনকে মারধর করতেছে। কাউকে চিনি না।

রাতে যদুবয়রাতে উত্তেজনা ছিল, তবে মারামারির খবর জানা নেই বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।