আইএলটিএস ছাড়াই ইতালিতে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ

উচ্চশিক্ষার জন্য দেশের অনেক শিক্ষার্থীরাই যাচ্ছেন ইউরোপের দেশ ইতালিতে। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দেয়। ইউনিভার্সিটি অব বোলোগনাও বৃত্তি দিচ্ছে। ইউনিভার্সিটি অব বোলোগনা স্কলারশিপ ২০২৫-২৬-এর জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ৩০ বছরের কম হতে হবে।

সুযোগ-সুবিধা: ইতালির ইউনিভার্সিটি অব বোলোগনা স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি অর্থায়িত বৃত্তি। দেশটির পক্ষ থেকে এ বৃত্তির আওতায় স্নাতকে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয়। এ ছাড়া স্নাতকোত্তরেও বৃত্তিটি অর্থায়িত।

অধ্যয়নের বিষয়: ইউনিভার্সিটি অব বোলোগনার অধীনে ২৬০টি ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। এর মধ্যে ৪৮টি পিএইচডি প্রোগ্রাম, ৫৩টি বিশেষায়িত বিদ্যালয় প্রোগ্রাম ও ৮৬টি প্রথম ও দ্বিতীয় স্তরের পেশাদার মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে।

আবেদনের যোগ্যতা: বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রথম বা একক সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য স্যাট পরীক্ষার সনদ, দ্বিতীয় সাইকেল ডিগ্রি প্রোগ্রামের জন্য জিআরই সনদ প্রয়োজন। তবে আইইএলটিএসের দরকার নেই।

আবেদনের পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫।