ফায়ার সার্ভিস

পদোন্নতিপ্রাপ্ত ৬ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন ডিজি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পদোন্নতিপ্রাপ্ত ছয় কর্মকর্তাকে উপসহকারী পরিচালক পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময় অধিদপ্তরের পরিচালক এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের সম্মেলনকক্ষে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে সুচারুরূপে প্রতিপালনের নির্দেশনা দেন মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, সব দুর্যোগ-দুর্ঘটনায় সাড়া দেওয়ার ক্ষেত্রে জেলা কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানমাল রক্ষায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিবেদিতভাবে কাজ করে এ প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন জেলায় জেলা প্রধানের দায়িত্ব পালন করবেন। গত ১২ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে তাদের নামে প্রজ্ঞাপন জারি করা হয়।