রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম দেশ রূপান্তর কার্যালয় পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে পত্রিকাটির প্রধান কার্যালয়ে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সবুজ। পরে প্রেস সচিব অফিসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সাংবাদিকসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন। তিনি পত্রিকাটির প্রশংসা করেন এবং দেশ ও মানুষের কথা আরও বেশি তুলে ধরার আহ্বান জানান।
গত বছরের ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সরওয়ার আলম। তিনি তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা। বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তাকে দুই বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।