আবার পাঁচ গোল দিয়ে শেষ আটে বার্সেলোনা

আবারও পাঁচ গোল। গত রবিবার সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবার কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে তারা রিয়াল বেতিসকে ৫ গোলে উড়িয়ে দিয়েছে। ৫-১ গোলের এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল।

বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে ওলমোর পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান গাভি। বেতিসের যুব একাডেমি থেকে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়ায় ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার আর গোল উদযাপন করেননি। ২৭তম মিনিটে ইয়ামালের পাস থেকে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কুন্দে।

বিরতির পর ৫৫তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস থেকে ইয়ামাল গোল করলেও অফসাইডের বাঁশি বাজে। অবশ্য এরপরই স্কোরলাইন ৩-০ করেন রাফিনহা। মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২০টি। ৬৪তম মিনিটে রাফিনিয়ার বদলি নামার দুই মিনিট পরই দলের চতুর্থ গোলটি করেন ফেররান তরেস। ৭৫তম মিনিটে অবশেষে গোলের দেখা পান ইয়ামাল।

১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার সতীর্থ লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত। নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে স্পট-কিক থেকে ব্যবধান কমান রিয়াল বেতিসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকি।