বগুড়ার কাহালু উপজেলায় চাঞ্চল্যকর রাকিব হত্যাকাণ্ডে জড়িত ফনি চন্দ্রকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে রংপুর মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ফনি চন্দ্র জেলার কাহালু উপজেলার শিবা-কলমা এলাকার প্রফুল্ল প্রামাণিকের ছেলে। এর আগে গত ৩০ আগস্ট কাহালু উপজেলার শিবা-কমলা গ্রামে নৃশংসভাবে খুন হন রাকিব। গত বছরের ১ সেপ্টেম্বর কাহালু থানায় হত্যা মামলা দায়ের হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফনি চন্দ্র রংপুর জেলার মিঠাপুকুরের জায়গীরস্থ এসএ এগ্রো ফিডের ভেতর থেকে আত্মগোপনে ছিলেন। র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাকিব হত্যাকাণ্ডে জড়িত ফনি চন্দ্রকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে কাহালু থানা পুলিশ আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।