বিয়ের ১৮ দিনে নববধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়িকে জিজ্ঞাসাবাদ

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আয়শার শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে আয়শাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আয়শার শাশুড়ি পুলিশকে জানিয়েছেন, তার পুত্রবধূ আত্মহত্যার জন্য গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ দিন আগে উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে আয়শার বিয়ে হয়।

এদিন দুপুরে স্বামীর ঘরে আয়শাকে পরে থাকতে দেখেন শাশুড়ি। আয়শার কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নববধূ আত্মহত্যার জন্য গলায় ফাঁস দিয়ে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুরহস্য উদঘাটন হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই নববধূর শাশুড়িকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত মেয়ের কোনো অভিভাবক আমাদের কাছে আসেননি।