টেনিসে ‘লাকি লুজার’ নামে একটি প্রপঞ্চ প্রচলিত রয়েছে। কোয়ালিফায়ারে হেরে যাওয়ার পরও যারা প্রতিযোগিতার মূল পর্বে জায়গা করে নেন সেই সব ভাগ্যবান কিংবা ভাগ্যবতী বিজিতদের ডাকা হয় এ নামে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে চারজন সুযোগ পেয়েছেন এই ক্যাটাগরিতে। তাদের মধ্যে জার্মানির ইভা লিস দুই রাউন্ড পেরিয়ে জায়গা করে নিয়েছেন তৃতীয় রাউন্ডে।
২৩ বছরের এই জার্মান তরুণী বিশ্ব র্যাংকিংয়ের ১২৮তম বাছাই। প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়া কিম্বার্লি বিরেলকে হারানো ম্যাচের মাত্র ১০ মিনিট আগে তিনি জানতে পেরেছিলেন মূল পর্বে খেলার কথা। লিস বলেন, ‘পরের দিনের বিমানের ফ্লাইট ঠিক করা ছিল আমার। হঠাৎই আমার নামের ঘোষণা শুনতে পাই। কোনো ওয়ার্ম আপ ছাড়াই ম্যাচে নামতে হয়েছিল আমাকে।’
এমন আরেক লাকি লুজার হলেন ব্রিটেনের হ্যারিয়ার ডার্ট। মূল পর্বে খেলার ডাক পাওয়ার সময় তিনি ছিলেন ফিজিও টেবিলে। ওই অবস্থাতেই এক ঘন্টার নোটিশে কোর্টে নামতে হয়। প্রথম রাউন্ডে জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে ১৮তম বাছাই ক্রোয়েশিয়ান ডোনা ভেকিচের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাকে।