নরসিংদীতে জুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-যুবদলের সংঘর্ষে মনজুর ইসলাম (২২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসময় বখতিয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে। তিনি আহত বখতিয়ার হোসেনের ডিসি ও ইন্টারনেট ব্যবসার কর্মচারী ছিলেন। আহত বখতিয়ার হোসেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখেরচর এলাকায় আধিপত্য বিস্তার ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে মনোমালিন্য ছিল। এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিল।
এরই মধ্যে দু’পক্ষের উত্তেজনায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মনজুর ও বখতিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের মধ্যে মনজুর ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হয়ে অপর আহত বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত মনজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সমর্থক বলে জানা গেছে।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।