এক ঝলক

ফারিণের ইংরেজি গান

মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গান শোনা গেল অভিনেত্রী তাসনিয়া ফারিণের কণ্ঠে। সম্প্রতি ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। যেখানে ‘পপুলার’ গানটির কাভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে। তাসনিয়ার কণ্ঠে ইংরেজি গান ভক্তরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একই সঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন। কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী।

রুনা খানের সার্থকতা

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে প্রতিযোগিতা করছে ‘নীলপদ্ম’। দেশের বাইরের উৎসবে প্রদর্শিত হলেও দেশে এটিই ‘নীলপদ্ম’র প্রিমিয়ার। সিনেমা প্রদর্শনী শেষে রুনা খান বলেন, ‘এই সিনেমা দিয়ে নির্মাতা আমাদের সমাজের এক অংশের কথা বলতে চেয়েছেন। সেখানে আছে বিশেষ কিছু বার্তা। তিনি সিনেমার মাধ্যমে যে শ্রেণির মানুষের বার্তা দিতে চেয়েছেন সেটা যদি দেশের মানুষের কাছে পৌঁছায় তাহলেই আমাদের সার্থকতা। কাজ করার সময় কখনোই আমার কাজ আমাকে সন্তুষ্ট করতে পারে না। সেটে শুধু মনে হয় এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। একটা অপূর্ণতা মনে হয়। পরে সেটা নির্মাতা ও সহশিল্পীদের সহযোগিতায় কাটিয়ে উঠতে হয়।’

ফিট থাকার রহস্য!

দেখে বোঝার উপায় নেই জেনিফার লোপেজের বয়স এখন ৫৫! তার এই অসাধারণ ফিটনেস ও আকর্ষণীয় চেহারার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও নিয়ন্ত্রিত ডায়েট। ‘ইউএস উইকলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে লোপেজ জানিয়েছিলেন, ফিট থাকতে হলে পরিশ্রম করতেই হবে। বিশেষ করে খাওয়া-দাওয়ার ওপর নজর রাখতে হবে। বলেছিলেন, ‘এটি এমন একটি দায়িত্ব, যেটা ঠিকমতো পালন করতেই হবে।’

সেই সাক্ষাৎকারে জেনিফার লোপেজ জানান, তিনি তার দিন শুরু করেন কম ক্যালোরির ব্রেকফাস্ট দিয়ে। বলেন, ‘সকালে আমি ৯০ ক্যালোরির চকলেট বডি ল্যাব শেক দিয়ে দিন শুরু করি। যা আমি কিনোয়া মিল্ক বা পানির সঙ্গে মিশিয়ে নেই।’

বাদ তৃপ্তি

‘অ্যানিমেল’ সিনেমাতে অভিনয়ের পর বেশ সাফল্য পাচ্ছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি তার অভিনয় দক্ষতায় দর্শকদের কাছে বিশেষ জায়গা তৈরি করতে পেরেছেন। সর্বশেষ তিনি অন্য একটি কারণে খবরের শিরোনামে এসেছিলেন। গুঞ্জন ছড়িয়েছিল, তাকে ‘আশিকি থ্রি’ সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছিলে, তৃপ্তি দিমরি আগের চলচ্চিত্রগুলোতে সাহসী দৃশ্য অভিনয় করেছেন। এ জন্য তাকে ‘আশিকি থ্রি’ থেকে বাদ দেওয়া হবে।

গুঞ্জন ছিল তৃপ্তিকে কার্তিক আরিয়ানের বিপরীতে আশিকি থ্রি থেকে বাদ দেওয়া হচ্ছে লুক টেস্ট এবং মহুরত শুটিংয়ে জড়িত থাকার কারণে। পরিচালক অনুরাগ বসু অবশ্য এই খবর অস্বীকার করে বলেছেন, ‘এটা সত্যি নয়’।

সুদীপ পাণ্ডে আর নেই

মাত্র ৩০ বছর বয়সেই চলে গেলেন ভোজপুরি ছবির জনপ্রিয় অভিনেতা সুদীপ পাণ্ডে। সুদীপের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। বুধবার বেলা ১১টায় মুম্বাইয়ে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। ইন্ডিয়ান ডটকম জানিয়েছে, ৩০ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তবে কেবল অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয় কাজ করেছেন নায়ক।

তার আকস্মিক মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন তার প্রিয়জনরা। মন খারাপ তার ভক্তদেরও।