নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলার শিকার

নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় খানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে অভিনেতার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের শরীরে ছয়টি আঘাত লেগেছে, এর মধ্যে একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি পিঠে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, হামলার পর খবর পেয়ে সাইফকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান তার ছেলে ইব্রাহিম আলী খান। জানা গেছে, ইব্রাহিম যখন পৌঁছায় তখন রক্তে ভাসছে সাইফ আলী খানের শরীর। তড়িঘড়ি করে দুই কিলোমিটার দূরের লীলাবতী হাসপাতালে নেওয়ার জন্য তখন ছিল না কোনো গাড়ি। তাই বাধ্য হয়ে অটোরিকশায় করে আহত অবস্থায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান ছেলে ইব্রাহিম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি জানিয়েছেন, রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সাইফকে। পরে একজন নিউরোসার্জনের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়। এদিকে অস্ত্রোপচারের পর সাইফ আলী খান সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে অভিনেতাকে। আজ সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এক বিবৃতিতে খানের জনসংযোগ কর্র্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। পরিবারের সব সদস্য নিরাপদে আছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে হামলার কারণ এখনো স্পষ্ট নয়। সিটিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ওই ব্যক্তি বাড়ির ভেতর প্রবেশ করে থাকতে পারে। ডিসিপি দীক্ষিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত তদন্তে আমরা এক ব্যক্তিকে চিহ্নিত করেছি, যিনি সাইফ আলী খানের বাড়িতে চুরির উদ্দেশে গিয়েছিল। ওপরে যাওয়ার জন্য ‘সৎগুরু শরণ’ নামে ওই সন্দেহভাজন ব্যক্তি ভবনের সিঁড়ি ব্যবহার করে, যেখানে অভিনেতা তার পরিবারের সঙ্গে থাকেন। এরপর রাতে খান ও দুর্বৃত্তের মধ্যে লড়াই হয়। এ ঘটনায় বান্দ্রা থানায় মামলা করা হয়েছে।