‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সংবলিত নিষিদ্ধ প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ কার্যকর করা হয়।
ওই পত্রে বলা হয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান (শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ) সংবলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নিষিদ্ধ প্যাড ব্যবহার করায় শিক্ষার্থীদের আনীত অভিযোগ ও প্রাথমিক তথ্য প্রমাণাদি পর্যালোচনাক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধি এর বিধি ৪ লঙ্ঘিত হওয়ায় এই বিদ্যালয়ের আইনের ধারা ১১ (৭) এবং বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি এর বিধি ১৩ মোতাবেক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো।
তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে এ আদেশ ১৫
জানুয়ারি ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে কার্যকর হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম হাসান তালুকদারের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে কথা বলেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।