ব্যাংক পদোন্নতিতে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) দুই পর্বে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (পূর্বতন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা) উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই দুই পর্বে উত্তীর্ণ ব্যক্তিদের পদোন্নতির ক্ষেত্রে ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক খাতে অধিকতর শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে মৌলিক ব্যাংকিং জ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির আবশ্যকতা অনস্বীকার্য। এজন্য সিনিয়র অফিসার অথবা সমমানের পদ থেকে ঊর্ধ্বতন পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকের বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ১০ শতাংশ নম্বর বরাদ্দ রাখতে হবে। এ ক্ষেত্রে প্রত্যেক পর্বের জন্য ৫ শতাংশ করে নম্বর বরাদ্দ রাখতে হবে। ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, পূর্বে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ১০ শতাংশ নম্বর পাবেন, তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অন্য ব্যাংকে উচ্চতর পদে নিয়োগ পেতে হলে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানকারী বা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জন্য পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হবে।