কুরস্ক থেকে রাশিয়ার ২৭ সেনা আটক করেছে ইউক্রেন

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক থেকে রাশিয়ার ২৭ সেনাকে আটক করেছে ইউক্রেন। আজ বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। গত বছরের আগস্ট থেকে কুরস্কে লড়াইরত রাশিয়া ও ইউক্রেনের সেনারা। 

এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানায়, আটক সেনারা রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের বাসিন্দা। এর আগে গত বছর ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুরস্ক থেকে রাশিয়ার সাত শতাধিক সেনাকে আটক করেছে।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের বিমানবাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার দিবাগত রাতে রাশিয়া ইউক্রেনের ১১টি অঞ্চলে ৫৫টি ড্রোন পাঠিয়েছিল। এর মধ্যে তারা ৩৪টি ড্রোন ভূপাতিত করেছে। বাকি ২১টির মধ্যে ১৮টি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

 

মধ্যাঞ্চলীয় এলাকা পোলতাভায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানকার তিন শতাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।