ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ ৯৯ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি বলেছেন, ‘এ টার্মিনালের সামনে অ্যাপ্রোনটার কাজও শেষ। সেটি আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবহার করব। দুই কর্নারে সিলিং ও বোর্ডিং ব্রিজের কিছু কাজ বাকি আছে, সেগুলো মার্চের মধ্যে শেষ হবে। বেবিচক দুর্নীতিমুক্ত থাকবে। বিমানবন্দরে যাত্রীসেবার মান অনেক বেড়েছে। এই ধারা আমরা অব্যাহত রাখব।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে বেবিচক কার্যালয়ে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঞ্জুর কবীর ভূঁইয়া।