সাভারে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

প্রায় ১২ বছর আগে ঢাকার সাভার এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ দণ্ড দেন।

দণ্ডের সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছে। দণ্ডিতরা হলেন পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির মৃত মোশারফ কাজীর ছেলে কাজী আহসান তাকবীর, রংপুরের কোতোয়ালি থানার আলমনগর খামারের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে কাজল ও সাভারের বন পুকুর এলাকার মৃত আরব উল্লাহর ছেলে লাল চান। আসামিদের মধ্যে কাজল কারাগারে আছে, অন্য দুই আসামি পলাতক রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের সঙ্গে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা আড়াইটার দিকে লাল চান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানার আড়াপাড়ার হিজলা পাড়া এলাকায় হেলালের বাড়ির সামনে নিয়ে ওই তিনজনসহ আরও কয়েকজন জাহিদকে কুপিয়ে জখম করেন। পরে লোকজন উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ। তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার থানায় এ হত্যা মামলাটি করেন।