জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীর কর্মসূচি ঘোষণা বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি তুলে ধরে রিজভী বলেন, ‘১৯ জানুয়ারি বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সব পর্যায়ের নেতাকর্মী

পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। একই দিন দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা  হবে।  সভায় বিএনপির জাতীয় নেতারাসহ দেশের বরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।’

তিনি জানান, দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলোয় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ ছাড়া পোস্টারও প্রকাশ করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে ১৯ জানুয়ারি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোয় দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটগুলোয় স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে এসব কর্মসূচিতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা।