রংপুরে ড. তোফায়েল

স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, ‘সরকারি সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। এ কারণে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।’ 

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, জেলা প্রশাসন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংস্কার কমিশনের প্রধান বলেন, দেশের উন্নয়নে সব চেয়ে বড় পরিসর স্থানীয় সরকার বিভাগ। পুরো কাঠামো সংস্কার করতে আমরা কমিশনের সদস্যদের নিয়ে প্রতিটি বিভাগীয় নগরীতে মতবিনিময় করছি। আপনাদের সুপারিশগুলো প্রস্তাবনা আকারে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করব। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় বিশেষজ্ঞরা মতামত পেশ করতে পারবেন। আমরা একটি সুন্দর দেশ গঠনে সবাই কাজ করে যাচ্ছি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম প্রমুখ।