বাংলাদেশ জাতীয় ক্রিকেট লের সহকারী কোচ নিক পোথাস চাকরি ছেড়ে দিয়েছেন। তার সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ বাকি ছিল। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন।
৫১ বছর বয়সী পোথাস এমন সময়ে চাকরি ছ্ড়লেন, যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাসখানেক বাকি। পোথাসের চাকরি ছাড়ার খবরটি বিসিবির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, গত মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই বিসিবিতে পদত্যাগপত্র দেন পোথাস।
ফেসবুকে বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘অন্য সব ভালো কিছুর মতো এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। যে পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতিও গড়েছি। এখন ঘরে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক পরের অধ্যায়ে কী আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য এবং সামনে রোমাঞ্চকর একটি বছরের জন্য আমার শুভকামনা থাকল। আমি তোমাদের মিস করব।’
২০২৩ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ সহকারী কোচের দায়িত্ব নেন পোথাস। পরের মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তিনি দলের সঙ্গে কাজ শুরু করেন। এর আগে জেমি সিডন্স চলে যাওয়ার কয়েক সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছিলেন।ক্রিকেটারদের খারাপ সময়ে তিনি সবসময় ঢাল হয়ে দাঁড়াতেন। আগলে রাখতেন শিষ্যদের।