যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-একদিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
জাহিদ হোসেন বলেন, ‘ খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। দু-এক দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা।’
তিনি বলেন, ‘কোন প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা হবে- সেটিও তখন জানানো হবে। পরবর্তীকালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নির্ভর করছে চিকিৎসকদের ওপর।’