চুরি করে সংবাদ দেওয়া গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া উচিত উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের সংবাদমাধ্যমে কপিরাইট আইন বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই ব্যানারে আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার প্রস্তাব: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, কপিরাইট বিষয়ে সব সাংবাদিককে জোরালো কথা বলতে হবে। আপনি দুই মাস খেটে একটা সংবাদ প্রকাশ করলেন, সেটা অন্য কোনো পোর্টাল এক সেকেন্ডে কপি করে ফেলল। আপনি সুন্দর একটা ছবি তুললেন, সেটা অন্য একটা পত্রিকায় আপনার অনুমতি ছাড়া প্রকাশ করে ফেলল। আপনাকে কপিরাইট বাস্তবায়নে জোর দিতে হবে। কারণ এটি আপনার আয়ের উৎস।
কয়েকটি সংবাদমাধ্যম কর্তৃক সাংবাদিকদের বেতন-ভাতা না দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাংবাদিকতা করতে, সংবাদমাধ্যম চালাতে হলে আপনাকে অর্থ ব্যয় করতে হবে। অর্থ না থাকলে সংবাদমাধ্যম চালানোর প্রয়োজন নেই। আপনাকে সময়মতো সাংবাদিকদের বেতন দিতে হবে। সাংবাদিকদের উদ্দেশে শফিকুল আলম বলেন, আমাদের গার্মেন্টস সেক্টরের কর্মীরা যদি তাদের বেতনের জন্য এত বড় ফাইট করতে পারেন, আপনারা কেন পারবেন না?’
প্রেস সচিব বলেন, গণমাধ্যমের সংস্কার আমরা করতে যাচ্ছি। কারণ গণমাধ্যমকে গত ১৫ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার ব্যবহার করেছে। বাংলাদেশে যতগুলো গণমাধ্যম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার অ্যাবিলিটি তাদের ছিল। ডিজিএফআইয়ের একটা ফোন কল, এনএসআইয়ের একটা ফোন কল, ডিজির একটা ফোন কল, মিনিস্টারের একটা ফোন কল যথেষ্ট ছিল।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্য দূতাবাসের প্রেস মিনিস্টার ও জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই-এর মুখপাত্র প্লাবন তারিক, আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, সাইবার অ্যাকিটিভিস্ট আব্বাস উদ্দিন নয়ন, আইনজীবী মোল্লা ফারুক এহসান, উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মাহবুব আলম প্রমুখ।