যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ইউক্রেন সফর করছেন কিয়ার স্টারমার। সফরে দুই দেশের মধ্যকার নিরাপত্তাবিষয়ক আলোচনার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে একশো বছরের বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান স্টারমার। সেখানে তাকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর ইউক্রেন যুদ্ধে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন দুই নেতা। এ সময় স্টারমার বলেন, তার দেশ ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে দিয়ে এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী এক শতাব্দীর জন্য ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দিতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, সফরে দুই রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে একশো বছরের অংশীদারিত্ব চুক্তি সই করবেন। এই চুক্তিতে থাকবে প্রতিরক্ষা, বিজ্ঞান, জ¦ালানি এবং বাণিজ্যের মতো বিষয়গুলো। গতবছর জুলাইয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।