আহত অবস্থায় বলিউড অভিনেতা সাইফ আলি খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার করেন। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘সাইফের জ্ঞান ফিরেছে। আপাতত এক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না তিনি।’ প্রতিবেদনে আরও বলা হয়, তবে উদ্বেগের কিছু নেই। চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি আইসিইউ থেকে তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
চিকিৎসকদের মতে, সব ঠিক থাকলে শুক্রবার হাসপাতাল থেকে সাইফ ছাড়া পেতে পারেন। সবটাই নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির ওপর। অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার চিকিৎসক নীরজ উৎমানি। তিনি বলেন, অভিনেতাকে একদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে আরও বেশি সময় তাকে হাসপাতালে রাখা হতে পারে।
চিকিৎসকের কথায়, ‘ভর্তি করানোর সময় অভিনেতার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয়েছে। ছুরির গেঁথে যাওয়া অংশ শরীর থেকে বের করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।’
এদিকে সাইফ আলি খানের ওপর হামলাকারী সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার করে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ওই যুবক সম্পর্কে এখনো বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। এই যুবকই যে সাইফের ওপর হামলা চালিয়েছিল, তাও এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, কারিনা কাপুর তার সন্তানদের নিয়ে বোন কারিশমার বাসায় উঠেছেন।